রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
ট্রাম্প তার পোস্টে খামেনিকে “ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি” উল্লেখ করে বলেন, তার মৃত্যু শুধু ইরানের জনগণের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের মানুষের জন্যও “কাঙ্ক্ষিত বিচার”। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ও উন্নত ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে পরিচালিত অভিযানে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে এ হামলা চালানো হয়েছে।
পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, ইসলামিক বিপ্লবী গার্ড, সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য যুদ্ধ চালিয়ে যেতে অনাগ্রহী এবং তারা নিরাপত্তা বা ক্ষমা চাইছে বলেও তিনি দাবি করেন। তিনি সতর্ক করে বলেন, “এখনই সুযোগ- দেরি করলে মৃত্যু ছাড়া আর কিছুই পাবে না।”
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত “নিখুঁত ও ভারী বিমান হামলা” প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে।
এর আগে শনিবার খামেনির প্রাসাদ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার খবর প্রকাশিত হয়। ওই হামলায় প্রাসাদ ধ্বংস হয়েছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।
রিপোর্টার্স২৪/আরকে