রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের চার দিনে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা)। নিহতদের মধ্যে ১৮১ জনের বয়স ১০ বছরের কম বলে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ৩ মার্চ পর্যন্ত ইরানজুড়ে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৪০২ জন। আহতদের মধ্যেও প্রায় ১০০ জন শিশু রয়েছে বলে দাবি করা হয়।
হারানার ভাষ্য অনুযায়ী, মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ছাড়াও হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হানা হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে হতাহতদের তথ্য আসছে জানিয়ে সংস্থাটি বলেছে, প্রাপ্ত তথ্যগুলো যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া এখনও চলমান।
এদিকে সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বেসামরিক হতাহতের উচ্চ সংখ্যা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সূত্র: বিবিসি।
রিপোর্টার্স২৪/আরকে