রিপোর্টার্স২৪ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার প্রস্তাবের ওপর আজ ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনাইটেড স্টেইট সিনেট-এ। বুধবার (৪ মার্চ) প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প-এর একক সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
স্থানীয় সময় সকাল ১১টায় বিলটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে। বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ভোটাভুটি।
রেজুলিউশনটির প্রস্তাবকদের দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের ক্ষেত্রে প্রশাসনকে কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তাদের মতে, যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্তে সাংবিধানিক ভারসাম্য রক্ষা এবং নির্বাহী ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
অন্যদিকে ট্রাম্প-সমর্থকদের অভিযোগ, প্রস্তাবটি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে প্রেসিডেন্টের সামরিক নেতৃত্বকে সীমিত করার প্রচেষ্টা। তাদের দাবি, সংকটময় পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খর্ব হলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
এরই মধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালানোর অভিযোগ ঘিরে বিতর্ক তীব্র হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে হামলার ঘোষণা দিতে পারেন কি না- তা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। আইনপ্রণেতাদের একটি অংশ তার এই পদক্ষেপে আপত্তি জানিয়েছেন বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
রিপোর্টার্স২৪/আরকে