| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের ‘শিগগিরই যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর তেলের দাম কমল ৯ শতাংশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ০৯:৫৬:৪৬:পূর্বাহ্ন  |  ৩৭০২৮৮ বার পঠিত
ট্রাম্পের ‘শিগগিরই যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর তেলের দাম কমল ৯ শতাংশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে। ইতোমধ্যে ব্যারেলপ্রতি তেলের দাম প্রায় ৮ থেকে ৯ শতাংশ পর্যন্ত কমেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৯২ দশমিক ৫০ ডলারে, যা আগের দিনের তুলনায় প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কম। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৮ দশমিক ৬০ ডলারে, যা সোমবারের তুলনায় প্রায় ৯ শতাংশ কম।

গত কয়েক দিন ধরে ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছিল। এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় গত ৮ মার্চ, যখন চার বছরের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছে যায় তেল।

সেদিন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম উঠেছিল ১০৮ দশমিক ৬৮ ডলারে এবং ডব্লিউটিআই বিক্রি হয়েছিল ১০৮ ডলারে। আগের দিনের তুলনায় ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করলে বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। তার এই বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন শুরু হয়।

যদিও দাম কিছুটা কমেছে, তবুও যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এখনও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৩০ শতাংশ বেশি রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

সূত্র: বিবিসি

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪