| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেল নিয়ে বাকবিতণ্ডার জেরে পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১২:৩৩:৩৩:অপরাহ্ন  |  ৩১৯৭৮২ বার পঠিত
তেল নিয়ে বাকবিতণ্ডার জেরে  পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি: নড়াইলে পেট্রোল পাম্প থেকে তেল না পেয়ে বাকবিতণ্ডার পর পাম্প ম্যানেজার মো. নাহিদ সর্দারকে (৩০) ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা পাম্পের আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় মেসার্স তানভীর ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সর্দার তুলারামপুর এলাকার মেসার্স তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ও তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। অন্যদিকে আহত জিহাদুল ইসলাম তুলারামপুর গ্রামের জহুরুল মোল্যার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।

পেট্রোল পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদ্দিন জানান, ট্রাক ড্রাইভার মো. সুজাত পাম্পে তেল নিতে আসে, কিন্তু পাম্পে তেল না থাকায় তাকে আমরা তেল দিতে পারিনি। এ নিয়ে পাম্পের ম্যানেজার নাহিদ ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে রাগে-ক্ষোভে বলে, “তোদের পাম্পে তেল আছে, তুই দিচ্ছিস না—তোকে আজকে ট্রাকের তলায় চাপা দেব।”

পাম্পের আরেক কর্মচারী মো. সোহান ইসলাম জানান, নাহিদ ভাইয়ের সঙ্গে তেল নিয়ে বাকবিতণ্ডা হয়। সে নাহিদ ভাইকে ট্রাকচাপার হুমকি দিয়ে পাম্পেই অবস্থান করছিল। পরে নাহিদ ভাই পাম্পের কাজ সেরে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বন্ধু জিহাদুল ইসলামকে নিয়ে বাড়ির দিকে রওনা দেন। এ সময় সুজাত ট্রাক ঘুরিয়ে তাদের পেছনে রওনা দেয়। এ নিয়ে আমাদের সন্দেহ হলে আমি ও ক্যাশিয়ার জসিমউদ্দিন ভাই তাদের পিছু পিছু যাই। গিয়ে দেখি, সুজাত নাহিদ ভাইকে চাপা দিয়ে ট্রাক নিয়ে চলে যাচ্ছে। এতে নাহিদ ভাই ঘটনাস্থলেই নিহত হন এবং জিহাদুল ভাই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিহাদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

নিহত নাহিদ সর্দারের চাচাতো ভাই মঞ্জুর সর্দার বলেন, ট্রাক ড্রাইভার সুজাত পরিকল্পিতভাবে হুমকি দিয়ে আমার ভাইকে ট্রাকচাপা দিয়ে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, অজ্ঞাতনামা ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪