ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সূর্য পূজা বা ছট পূজা। সোমবার (১৬ নভেম্বর) ভোরে মেঘনা নদীর তীরবর্তী ত্রি-সেতু এলাকায় পূজার মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় ব্রতী নারী-পুরুষসহ বিপুলসংখ্যক পুণ্যার্থী নদীর ঘাটে সমবেত হয়ে সূর্যদেবের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছট পূজা হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মধ্যে প্রচলিত একটি প্রাচীন ধর্মীয় উৎসব। এ পূজায় বিশেষ করে মায়েরা সন্তানদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও পরিবারের মঙ্গল কামনায় কঠোর উপবাস ও ব্রত পালন করেন। উত্তর ভারতের বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, বেনারসসহ নেপালের তরাই অঞ্চলে উৎসবটি ব্যাপকভাবে পালিত হয়।
ভৈরবের হরিজন ও রবিদাস সম্প্রদায়ের পূর্বপুরুষদের আদি নিবাস ভারতের বিহার ও ঝাড়খণ্ড অঞ্চলে। তাঁদের হাত ধরেই প্রায় ৫০ বছর আগে ভৈরবে এ পূজার প্রচলন শুরু হয়। সময়ের পরিক্রমায় সম্প্রদায়ের মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ছোট পরিসরের আয়োজনটি এখন বড় ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে।
সূর্যদেব ও তাঁর বোন হিসেবে পূজিত ‘ছঠী মাইয়া’র আরাধনাকে কেন্দ্র করে চারটি পর্যায়ে ছট পূজা উদযাপিত হয়। এগুলো হলো—নহায়-খায়, খরনা, সন্ধ্যা অর্ঘ্য ও ঊষা অর্ঘ্য। পূজায় বাঁশের তৈরি ডালা ও কুলোয় ফলমূল, আখ, নারকেল, কলা এবং ঐতিহ্যবাহী ঠেকুয়া সাজিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়। পরিবারের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় ব্রতীরা এসব ধর্মীয় আচার পালন করেন।
সোমবার ভোরে মেঘনা নদীর ত্রি-সেতু এলাকায় ঊষা অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে নারী-পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নদীর তীরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ভৈরব পূজা উদ্যাপন কমিটির সাংগঠনিক সম্পাদক ও হরিজন-রবিদাস সম্প্রদায়ের নেতা আজাদ লাল বলেন, বহু বছর আগে তাঁদের পূর্বপুরুষেরা পরিবার নিয়ে ভারত থেকে ভৈরবে এসে বসতি গড়েন। তখন মাত্র তিন-চারটি পরিবার থাকায় ছোট পরিসরে সূর্য পূজা বা ছট পূজার আয়োজন করা হতো। দীর্ঘ ৫০ বছরের ধারাবাহিকতায় সম্প্রদায়ের মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পূজাটিও বড় উৎসবে রূপ নিয়েছে। চার দিনব্যাপী আয়োজনের শেষ দিনে সোমবার ভোরে ঊষা অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে এবারের পূজা সম্পন্ন হয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ