| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় বিদ্যুৎ শর্ট সার্কিটে কাপড়ের দোকানে আগুন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১২:৩৭:৩০:অপরাহ্ন  |  ৩১৯৬৮৪ বার পঠিত
কুষ্টিয়ায় বিদ্যুৎ শর্ট সার্কিটে কাপড়ের দোকানে আগুন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরে পুরাতন একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন সংলগ্ন নারিকেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। দোকানে আগুন লাগার বিষয়টি টের পেয়ে স্থানীয় এক বাসিন্দা ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দোকানের ভেতরে থাকা কাপড়সহ বিভিন্ন দাহ্য সামগ্রীতে। এতে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি পুরাতন কাপড় ব্যবসায়ী থানাপাড়ার মৃত ইমান আলীর পুত্র নজরুল ইসলামের দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। ক্ষণিকের মধ্যেই দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। এছাড়া নজরুলের দোকানের পাশে আরেকটি দোকানেও আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় হাতশ হরিপুর এলাকার বাসিন্দা দেলুব্বরের ছেলে সামাদ আলীর দোকানের মালামাল পুড়ে গেছে।

এ ব্যাপারে দোকান মালিক নজরুল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দোকানে এসে দেখি ফায়ার সার্ভিসের টিম ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কী কারণে আগুন লেগেছে তিনি জানেন না। প্রায় দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

আগুন নিয়ন্ত্রণ শেষে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আরশেদ আলী জানান, আমরা রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে সংবাদ পেয়ে শহরের নারিকেলতলা এলাকায় ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। দোকান বন্ধ থাকায় স্থানীয়দের উপস্থিতিতে তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পাশাপাশি দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে থানার ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে রয়েছে। দোকানে অনেক মালামাল থাকায় আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪