নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কের তানভির ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি শনিবার দিবাগত রাতে ঘটে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
ফিলিং স্টেশনের কর্মীরা জানিয়েছেন, রাত ১২টার দিকে সুজাত নামের এক ট্রাক চালক তেল নিতে আসে। তেল না পেয়ে তিনি পাম্প ম্যানেজার নাহিদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে ম্যানেজারকে হত্যার হুমকি দেওয়া হয়।
সিসি ক্যামেরায় দেখা যায়, রাত ২টা ১০ মিনিটে ম্যানেজার মোটরসাইকেলে পাম্প থেকে বের হন। তখনই ট্রাক চালক তার পিছু নেয় এবং কিছুদূর যাওয়ার পর মোটরসাইকেল চাপা দেয়। পরে ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করে।
নাহিদের পরিবার ও এলাকাবাসী দ্রুত অভিযুক্ত ট্রাক চালককে আটক করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। ঘটনাস্থল এলাকার দুটি ফিলিং স্টেশন পরিচালনায় নাহিদ দায়িত্বশীল ছিলেন।
তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছে, গত কয়েকদিন ধরে জ্বালানি তেলের সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে প্রায়ই বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি