কিশোরগঞ্জ প্রতিনিধি: এক সন্তানের জনক প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া ১২ বছরের এক কিশোরীকে ১৪ দিন পর উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে অভিযুক্ত প্রেমিক কামাল হোসেন (৩০)কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং কামাল হোসেনকে গ্রেফতার করে র্যাব-৯ ও র্যাব-১৪ এর যৌথ দল। পরে সোমবার রাতেই তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতারকৃত কামাল হোসেন উপজেলার চন্দ্রনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে। স্থানীয়দের তথ্যমতে, পার্শ্ববর্তী এলাকায় বসবাসের সুবাদে তিনি মাঝেমধ্যে কিশোরীর বাড়িতে যাতায়াত করতেন। সেখান থেকেই তাদের পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ বসে। সেখানে কামাল হোসেন কিশোরীর সঙ্গে যোগাযোগ না রাখার অঙ্গীকার করলেও গত ১৬ মার্চ রাতে কিশোরীকে নিয়ে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় ১৭ মার্চ কিশোরীর দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কামাল হোসেন কিশোরীকে ফুঁসলিয়ে ও বিভ্রান্ত করে অন্যদের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যান। ঘটনার সময় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীও বিষয়টি দেখেছেন বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম খান জানান, উদ্ধার কিশোরীকে আদালতে পাঠিয়ে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। গ্রেফতার কামাল হোসেনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে উদ্ধার কিশোরী ও গ্রেফতারকৃত যুবকের দাবি, তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছেন।