নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোর পাশে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। অভিযানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে প্রায় ৯১০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ অবস্থায় উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তেল মজুদের সঙ্গে জড়িত মো. সিফাত নামে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ৬ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, রাত ১০টার দিকে একই এলাকায় আরেকটি স্থানে ফার্নেস অয়েল মজুদের তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি