| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদেশ ফেরত অভিবাসীদের কর্মসংস্থানে লিয়াজোঁ কর্মশালা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৭:৩১:৩৩:অপরাহ্ন  |  ৩৯৮১১৪ বার পঠিত
বিদেশ ফেরত অভিবাসীদের কর্মসংস্থানে লিয়াজোঁ কর্মশালা

নরসিংদী প্রতিনিধি: বিদেশ ফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে স্থানীয় নিয়োগদাতাদের সাথে কার্যকর সংযোগ স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ-এমন মন্তব্য করেছেন নরসিংদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, “বিদেশ থেকে ফিরে আসা অনেক অভিবাসী দক্ষতা থাকা সত্ত্বেও দেশে উপযুক্ত কর্মসংস্থান পান না। তাদের দক্ষতা অনুযায়ী স্থানীয় শিল্প—কারখানায় সংযুক্ত করতে পারলে তা ব্যক্তি ও জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” 

বুধবার (১ এপ্রিল ২০২৬) নরসিংদীর অরবিট রেস্টুরেন্টে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত “প্রত্যাবর্তিত অভিবাসীদের চাকরি সংস্থানে স্থানীয় নিয়োগদাতাদের সাথে লিয়াজোঁ কর্মশালা” এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ বিশ্বের অন্যতম শ্রম রপ্তানিকারক দেশ। বিশ্বব্যাংকের তথ্যমতে, ২০২২ সালে প্রায় ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে, যা দেশের জিডিপির প্রায় ৭%। তবে বিভিন্ন কারণে প্রতিবছর অনেক অভিবাসী দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে তারা কর্মসংস্থান, সামাজিক গ্রহণযোগ্যতা ও আর্থিক স্থিতিশীলতার মতো নানা চ্যালেঞ্জের সম্মুখীন হন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, দেশে ফেরার এক বছরের মধ্যে প্রায় ৬৮% বিদেশ ফেরত অভিবাসী বেকার বা আংশিক বেকার অবস্থায় থাকেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার নাজিবা আক্তার। তিনি তার উপস্থাপনায় প্রত্যাবর্তিত অভিবাসীদের দক্ষতা, অভিজ্ঞতা এবং স্থানীয় শ্রমবাজারের চাহিদার মধ্যে বিদ্যমান ফাঁক তুলে ধরেন এবং নিয়োগদাতাদের সাথে কার্যকর সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন নরসিংদী জেলার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফারজানা ফারায়েজী। তিনি বলেন, “এই কর্মশালার মাধ্যমে প্রত্যাবর্তিত অভিবাসীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি, নিয়োগদাতাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন এবং টেকসই পুনর্বাসন প্রক্রিয়া জোরদার করাই আমাদের মূল লক্ষ্য।

কর্মশালায় প্যানেল আলোচনা, নিয়োগদাতাদের সাথে মতবিনিময়, এবং দক্ষতা উন্নয়ন ও চাকরি সংযোগ বিষয়ে ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী নিয়োগদাতারা প্রত্যাবর্তিত অভিবাসীদের নিয়োগে আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, দক্ষ ও অভিজ্ঞ কর্মী পেলে আমরা অবশ্যই তাদের অগ্রাধিকার দেবো। এ ধরনের উদ্যোগ আমাদের জন্যও উপকারী।

এতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল থারমেক্স গ্রুপ, নরসিংদী চেম্বার অব কমার্স, চর্কা টেক্সটাইল, রেডেক্স, দারাজ, ওয়ালটন প্লাজা, লেবার অ্যাসোসিয়েশন, বিআরটিসি, সিবিসি টাইলস, আদরি টেক্সটাইল, মোমিন টেক্সটাইলসহ বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধি।

উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় বাস্তবায়িত রিইন্টিগ্রেশন অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দীর্ঘদিন ধরে নিরাপদ অভিবাসন, পুনর্বাসন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪