বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় বেনাপোল এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রচণ্ড দাবদাহের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না সাধারণ মানুষ। একই সময়ে প্রভাবশালী মহল ‘ভিআইপি’ সুবিধায় সহজেই তেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
আজ বুধবার (১ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ফিলিং স্টেশনগুলোতে শত শত যানবাহনের দীর্ঘ সারি। ট্রাক, ট্রাক্টর ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
এক ভুক্তভোগী মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু তেল পাচ্ছি না। অথচ কিছু লোক এসে প্রভাব খাটিয়ে আগে তেল নিয়ে যাচ্ছে। আমাদের কষ্টের শেষ নেই।”
অভিযোগ উঠেছে, সাধারণ মানুষ সিরিয়াল মেনে দাঁড়িয়ে থাকলেও কিছু অসাধু ব্যক্তি ও প্রভাবশালী মহল কোনো নিয়ম না মেনেই তেল সংগ্রহ করছে। এ ঘটনায় দায়িত্বরত পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে রাখলেও পরিচিত বা প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে শিথিলতা দেখাচ্ছে। এতে লাইনে থাকা মানুষজন অসহায় হয়ে পড়ছেন।
ফিলিং স্টেশন চত্বরে তৈরি হওয়া এই বিশৃঙ্খলা নিরসনে পাম্প কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
স্থানীয়দের মতে, দ্রুত এই অব্যবস্থাপনা বন্ধ না হলে জনঅসন্তোষ আরও বাড়তে পারে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ফিলিং স্টেশনের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া আছে যাতে কোনো স্বজনপ্রীতি না হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
রিপোর্টার্স২৪/এসএন