ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী (কম্পিউটার) যশময় সাহা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন। নতুন ভোটার আইডি কার্ড করানোর কথা বলে ৩ হাজার টাকা ঘুষ দাবি করেন তিনি। ভুক্তভোগী মো. ইউছুফের কাছ থেকে দুই হাজার টাকা নেওয়ার সময় ধস্তাধস্তি হয়।
ঘটনা ঘটে বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাচন অফিসে। ইউছুফ তার ছোট ভাই নাসির উদ্দিনের নতুন ভোটার আইডি কার্ড করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে গেলে যশময় সাহা দ্রুত কাজ করতে হলে ৩ হাজার টাকা দিতে বলেন। প্রথমে ইউছুফ ১ হাজার ৫০০, পরে আরও ৫০০ টাকা দেন। টাকা কোথায় জমা দিতে হবে জানতে চাইলে যশময় কোনো সঠিক উত্তর দেননি। এ সময় দুই জনের মধ্যে ধস্তাধস্তি হয়।
পরবর্তীতে ইউছুফ ইউএনও’র কক্ষে গিয়ে অভিযোগ করেন। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী জানান, লিখিত অভিযোগ পেলে যশময় সাহার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম বলেন, ধস্তাধস্তির ঘটনায় তিনি অবহিত হন এবং বিষয়টি ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাস্থলের ভিডিও ছড়িয়ে পড়েছে। ইউছুফ জানান, অফিস সহকারী ‘নিজেদের খরচ আছে’ বলে টাকা দাবি করেছিলেন এবং বিষয়টি দ্রুত সমাধান করতে তিনি ইউএনও’র হস্তক্ষেপ চেয়েছেন।
ঘটনার বিষয়ে যশময় সাহার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ইউএনও ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দাখিলের পর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
রিপোর্টার্স২৪/বাবি