স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাবার হাতে চার বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু লাবিব (৪) তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা সোহাগ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, যেমন চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট ঘটনায় জড়িত বলে এলাকায় পরিচিত। পারিবারিক অশান্তির কারণে লাবিবের মা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন।
ঘটনার দিন বিকেলে সোহাগ শ্বশুরবাড়িতে এসে লাবিবকে সঙ্গে করে নিয়ে যায়। এরপর সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি নির্জন স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে তার বাবা সোহাগই হত্যা করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।