জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রীতা বেগম (৩৮) একই এলাকার আবু কাশেমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের জমিতে সেচ দেওয়ার জন্য পাম্প চালু করতে যান রীতা বেগম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্ত্রীকে ছটফট করতে দেখে তাকে উদ্ধার করতে গেলে স্বামী আবু কাশেমও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রীতাকে মৃত ঘোষণা করেন। আবু কাশেমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে আহত আবু কাশেম বারবার স্ত্রীর খোঁজ নিতে থাকেন এবং স্ত্রীর মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে একাধিকবার জ্ঞান হারান বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাঁখের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।