টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার রত্নাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—শরবাড়ি আতেকা পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে তামান্না আক্তার এবং শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে নিসা খাতুন (১১)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে তিনজন একসঙ্গে মাদরাসার পাশের পুকুরপাড়ে খেলছিল। এ সময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। তাদের একজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা চালায়।
পরে স্থানীয়রা দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন এবং অপরজনকে জীবিত উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান বলেন, এটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি