কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পক্ষে মেধাবীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তির টাকা মেধাবীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম-১০ম শ্রেণির মোট ৩৬ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে এককালীন বৃত্তি প্রদান করেছে ওই সংগঠনটি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ৩০০০, ২৫০০ ও ২০০০ টাকা হারে নগদ অর্থ প্রদান করা হয়।
আজ শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শামীম আরার সভাপতিত্বে রাজনীতিবিদ, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন মন্ডলসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর ও কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, বীর মুক্তিযোদ্ধা বাবু মুনিশ চৌধুরী, কালাই মহিলা বিএম কলেজের অধ্যক্ষ ও কালাই সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক এম. এ. করিম, পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মান্নান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তিপ্রদান উপলক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ৫ম-১০ম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন