লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী এলাকায় শিশু নন্দিনী হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, মব ও উত্তেজনার পর সেখানে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশি অভিযান ও গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন স্থানীয় পুরুষেরা।
স্থানীয়রা জানান, কিছু উশৃঙ্খল লোকজন অতিউৎসাহী হয়ে প্রশাসন ও সরকারি কাজে বাধা প্রদান করে এবং অরাজকতা চালায়। প্রশাসনের গাড়িতে হামলা ও আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। গ্রামবাসীর সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। এরপর থেকে এলাকাটিতে পুরুষ মানুষ আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়েছেন। এদিকে শিশু নন্দিনী হত্যার ঘটনায় আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলায় ঘটনাস্থল থেকে অভিযুক্ত বিধান চন্দ্র রায় (২২) এবং তার বাবা রনজিৎ কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল থেকে হঠাৎ নন্দিনীকে (৭) খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি। সকালেও খুঁজতে বের হয় তার পরিবার ও স্থানীয়রা। এক পর্যায়ে তার বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। এরপর মাটি খুঁড়ে নন্দিনীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জানা যায়, গতকাল সন্ধ্যায় বিধান চন্দ্র নামে এক যুবককে ওই ভুট্টাক্ষেত থেকে কোদাল নিয়ে আসতে দেখছিলেন এক ব্যক্তি। নন্দিনীর মরদেহ উদ্ধারের সময় ওই যুবক পলাতক ছিলেন। সেই সন্দেহে বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ভাঙচুর করে ভিতরে প্রবেশ করে আত্মগোপনে থাকা বিধান চন্দ্রকে আটক করে। ঘটনাস্থলে পুলিশ বিধানকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় অভিযুক্ত বিধানকে ছিনিয়ে নিয়ে নিজেরা বিচার করার দাবিতে মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা চালিয়ে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনতা।
খবর পেয়ে লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থলে গেলে তিনিও অবরুদ্ধ হয়ে পড়েন। অবরুদ্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে যাওয়া ক্রাইমসিন ইউনিট। একে একে সদর থানা, কালীগঞ্জ থানা, ডিবি থানা পুলিশ, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে। বিক্ষুব্ধ জনতা তাদেরকেও অবরুদ্ধ করলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো গ্রাম।
এক পর্যায়ে তাদেরকে উদ্ধারে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমামসহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তাদেরকেও অবরুদ্ধ করা হয়। এভাবে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকেন জেলা ও উপজেলা প্রশাসনের লোকজন। এ সময় থেমে থেমে প্রশাসনের উপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।
অবশেষে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে জনতাকে ছত্রভঙ্গ করে অভিযুক্ত বিধান ও তার বাবাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে প্রশাসনের লোকজন। এ সময় শেষ দফায় প্রশাসনের গাড়ি লক্ষ্য করে ইটপাটকল ছুঁড়ে বিক্ষুব্ধ জনতা। জনতার ছোড়া ইটপাটকেল ও লাঠির আঘাতে লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান, আদিতমারী থানার ওসি নাজমুল হকসহ ২০ জন আহত হয়েছেন। এরপর জেলা প্রশাসকসহ প্রশাসনের ৮টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে।
স্থানীয়রা বলছেন, মাদকসেবী বিধান চন্দ্র প্রতিবেশী নন্দিনীকে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ ও হত্যা করে মরদেহ বস্তায় ভরিয়ে মাটিতে পুঁতে রাখে। গ্রেপ্তার এড়াতে নিজের বাড়ির বাইরে তালা দিয়ে ভিতরে আত্মগোপনে থাকেন বিধান চন্দ্র। তার সেই বাড়িটি বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে বিধানকে আটক করে।
লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, সকাল থেকে আমি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। ইটের আঘাতে আমি নিজেও আহত হয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আদিতমারী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। নন্দিনী হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বিধান চন্দ্র ও তার বাবাকে আটক করা হয়েছে। এ ছাড়া সরকারি কাজে বাঁধা দানের ঘটনায়ও একটি মামলা দায়ের করা হবে।
ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসক রাশেদুল হক বলেন, নৃশংস এ হত্যার সুষ্ঠু তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
ভাঙচুর ও প্রশাসনের উপর হামলার ঘটনায় জানতে চাইলে ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা বাইসস এর লালমনিরহাট জেলা আহ্বায়ক মো. আব্দুল করিম বলেন, ঘটনার পর থেকে আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। তবে জনমনে আতঙ্ক থাকায় গ্রামের কিছু কিছু মানুষ বাড়ির বাইরে অবস্থান করছে।
প্রশাসনের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনার বিষয়ে জানতে চাইলে আদিতমারী থানার পুলিশ পরিদর্শক তাজরুল ইসলাম সর্দার জানান, ফলিমারী এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। এখনও কোনো ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব