রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন, পূর্ব পাকিস্তান আন্দোলন ও অখণ্ড বাংলার ব্যর্থতা থেকেই আওয়ামী লীগের জন্ম হলেও পরবর্তীতে দলটির আদর্শিক অবস্থান বদলে গেছে বলে তার ধারণা।
বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “১৫০, মোগলটুলীর সেই আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে।”
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রতিষ্ঠার আগে দল গঠনের প্রাথমিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র ছিল পুরান ঢাকার ১৫০ মোগলটুলীর সেই ঐতিহাসিক বাড়ি। পরবর্তীতে এটি দলটির প্রথম অস্থায়ী কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।
পোস্টে মাহফুজ আলম লেখেন, পূর্ব পাকিস্তান আন্দোলন তথা অখণ্ড বাংলার ব্যর্থতা থেকেই আওয়ামী মুসলিম লীগের জন্ম এবং এর মধ্য দিয়েই ভাষা আন্দোলনের প্রাথমিক ভিত্তি গড়ে ওঠে। তিনি আরও উল্লেখ করেন, পূর্ব পাকিস্তান আন্দোলনের তাত্ত্বিকদের চিন্তাধারাই পরবর্তীতে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি নির্মাণে ভূমিকা রাখে।
তিনি মোহাম্মদ আব্দুস সাদেকের প্রসঙ্গ টেনে বলেন, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের বাঙালি মুসলমান অর্থনীতি স্নাতক এবং পরবর্তীতে ইসলামিয়া কলেজের শিক্ষক। তার মতে, শেখ মুজিবুর রহমানের শিক্ষাজীবনের সময়ও তিনি সেখানে শিক্ষকতা করতেন।
৭১-পূর্ব আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করে মাহফুজ আলম বলেন, দলটি তখন অখণ্ড ভারত ও অখণ্ড পাকিস্তান উভয় ধারার বিপরীত অবস্থানে ছিল। তবে পরবর্তীতে দলটির রাজনৈতিক চরিত্র পরিবর্তিত হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও লেখেন, মুজিববাদ ও বাকশাল আওয়ামী লীগকে ভারতের সেবাদাসে পরিণত করেছে। একই সঙ্গে তিনি ১৯৪৭ সালের রাজনৈতিক ঘটনাবলী এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রসঙ্গও টেনে আনেন।
মাহফুজ আলম তার পোস্টে আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস পরিবর্তিত হয়েছে এবং একসময় যারা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ছিল, তারা পরে ক্ষমতা, শাসন এবং রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণে ভিন্ন রূপ নিয়েছে বলে তার দাবি।
রিপোর্টার্স২৪/ঝুম