রিপোর্টার্স২৪ ডেস্ক: কানাডার ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রীর বোনের স্বামী ও জনপ্রিয় গায়ক স্টেবিন বেন।
চলতি বছরেই কৃতির ছোট বোন নূপুর শ্যানন বিয়ে করেছেন। ছোট বোনের বিয়ের পর থেকেই ভক্তদের মনে প্রশ্ন জাগছে, কৃতি কবে বিয়ের পিঁড়িতে বসছেন? জীবনসঙ্গী যখন চূড়ান্ত তখন বিয়েতে আর দেরি কেন এমন প্রশ্নই এখন অনুরাগী মহলে ঘুরপাক খাচ্ছে।
এ বিষয়ে কথা বলেছেন স্টেবিন। তার মতে, কৃতি কবে বিয়ে করবেন, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তার রয়েছে।
তিনি আরও জানান, ছোট বোনের বিয়ে হয়ে যাওয়ায় অনেকেই চান বড় বোনও দ্রুত বিয়ে করে ফেলুক। তবে তিনি কৃতির সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা করেন না। বরং যারা কৃতিকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন, তাদের বোঝানোর চেষ্টা করেন।
স্টেবিন বেন বলেন, কৃতি এখন তার ক্যারিয়ারে একের পর এক ভালো কাজ করে যাচ্ছেন। একটি ছোট শহর থেকে এসে নিজের পরিশ্রমে বলিউডে জায়গা তৈরি করা সহজ বিষয় নয় এটিও তিনি উল্লেখ করেন।
তিনি স্পষ্ট করে বলেন, কৃতি যখন মনে করবেন বিয়ের সঠিক সময় এসেছে, তখনই তিনি সিদ্ধান্ত নেবেন। তাকে সেই সময় ও সুযোগ দেওয়াই উচিত। কৃতি যখন মনে করবেন যে তিনি মনের মতো মানুষ খুঁজে পেয়েছেন এবং বিয়ে নিয়ে নিশ্চিত, তখনই পরবর্তী পদক্ষেপ নেবেন।
২০২৪ সাল থেকে ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে কৃতির সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তারা কখনোই আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেননি। তবে বিভিন্ন উৎসব ও অবকাশ যাপনে তাদের একসঙ্গে দেখা গেছে।
এদিকে শোনা যাচ্ছে, কৃতির জন্মদিন ঘিরে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে বিশেষ এই দিনে তিনি সম্পর্ক বা বিয়ে নিয়ে কোনো ঘোষণা দেন কি না, তা নিয়েই চলছে আলোচনা।
বর্তমানে কৃতি শ্যানন তার ক্যারিয়ারের ব্যস্ততম সময় পার করছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ককটেল টু’। হোমি আদাজানিয়া পরিচালিত এই রোমান্টিক-কমেডি সিনেমায় শহীদ কাপুর ও রাশমিকা মান্দানার পাশাপাশি কৃতির ‘অ্যালি’ চরিত্রটি দর্শক ও সমালোচকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
রিপোর্টার্স২৪/ঝুম