| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ইং | ২৩:৫০:৫৬:অপরাহ্ন  |  ৬৮৯ বার পঠিত
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা

স্টাফ রিপোর্টার: ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। উপহার হিসেবে পাওয়া একটি শাড়িকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন জানান তিনি। আইনি প্রক্রিয়া শেষে আদালত চত্বরে গণমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী। 

তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, জামিন বর্ধিতের পরবর্তী তারিখ এবং চার্জ শুনানির তারিখ আদালত থেকে বিকেলে জানা যাবে।

এদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে ২৮ হাজার টাকার একটি শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় জামিন বর্ধিতের আবেদন ও অভিযোগ গঠন শুনানি শেষে ঘটনার আড়ালে থাকা সত্য ও নিজের অবস্থান তুলে ধরে তানজিন তিশা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নানা রকম স্টোরি থাকে। প্রতিদিনই কোনো না কোনো কিছু পোস্ট করতেই হয়। আমাদের ভালোবেসে অনেকেই অনেক কিছু উপহার দেয়। ভক্ত–সহকর্মীদের ভালোবাসা থেকেই সেগুলো নেওয়া হয়। সেভাবেই একটি উপহার নিয়ে আমি বিপদে পড়লাম।’

উপহার পাওয়ার পিছনের পটভূমি ব্যাখ্যা করে তিনি জানান, পরিচিত এক অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমেই মূলত উপহারটি তার কাছে পৌঁছায়। তিশার ভাষ্য, ‘আমাদেরই একজন বড় বোন আছে। তার মাধ্যমেই শাড়িটি গ্রহণ করি। আমাদের মধ্যে ভালো বন্ডিং ছিল। সে আমাকে উপহার হিসেবে গ্রহণ করতে বলায় আমি রাজি হয়েছিলাম। পরে সেই আপু আমাকে বলেছিল, 'ছবি দিয়েন।' আমি জানাই পরে ছবি দেব। এভাবেই তো আমরা ছবি দিই, সেটা অনেকেই পোস্ট করে। আমরাও একটা সম্মানের জায়গায় বিষয়টা দেখি।’

তার কথায়, ‘ছবিগুলো আমার সিনেমার শুটিংয়ের আগে চাওয়ায় বলেছি একটু সময় দিন। আমি ব্যস্ত ছিলাম। বারবার বলেছিও দিব, দেব। এ জন্য আমি ব্লাউজটাও বানিয়ে রেখেছিলাম। এর মাঝে হঠাৎ করেই দেখি, আমার নামে নিউজ হয়েছে আমি প্রতারণা করেছি, ২৭ হাজার টাকার শাড়ি নিয়ে।’

অভিযোগের বিরুদ্ধে নিজের অটল অবস্থান এবং আইনি ব্যবস্থার প্রতি আস্থা ব্যক্ত করে অভিনেত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আরও পাঁচবারও যদি আসতে হয় আমি আসব। আমি এখান থেকে ন্যায়বিচার নিয়েই বের হব। এখানে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, সেটা আমি সাপোর্ট করব না। দিন শেষে আমরা এ দেশের নাগরিক, আমরা ন্যায়বিচার চাই।’

এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিশা। এর আগে গত ১২ জুলাই তাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজটির এডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলাটি করেন।

মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। পরে ওই প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই তানজিন তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪