| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্রান্স-স্পেন সেমিফাইনালের রেফারি কে এই ইভান বার্টন?

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ১২:৩৬:৫৯:অপরাহ্ন  |  ১৬৪৩৪ বার পঠিত
ফ্রান্স-স্পেন সেমিফাইনালের রেফারি কে এই ইভান বার্টন?

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিতে মরিয়া স্পেন। বহুল প্রতীক্ষিত এই হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন এল সালভাদরের অভিজ্ঞ রেফারি ইভান বার্টন।

৪৪ বছর বয়সী ইভান বার্টন কনকাকাফ অঞ্চলের অন্যতম অভিজ্ঞ রেফারি। কনকাকাফ নেশনস লিগ ও গোল্ড কাপসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের রেফারি হিসেবে অভিষেক হয়েছিল বার্টনের। চলতি আসর তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টে ইতোমধ্যে তিনটি ম্যাচ সফলভাবে পরিচালনা করেছেন তিনি। ফ্রান্স-স্পেন সেমিফাইনাল হবে এই বিশ্বকাপে তাঁর চতুর্থ ম্যাচ।

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে প্যারাগুয়ে ও তুরস্কের ম্যাচে একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় আসেন বার্টন। প্রথমার্ধের ইনজুরি সময়ে তুরস্কের মের্ত মুলদুরের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাত দিয়ে মুখ ঢেকে কিছু বলেছিলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন।

খেলোয়াড়দের মাঠে ভাষাভিত্তিক অপব্যবহার রোধে এবারের বিশ্বকাপে নতুন একটি নিয়ম চালু করেছে ফিফা। সেই নিয়ম অনুযায়ী মুখ ঢেকে প্রতিপক্ষকে কিছু বলা শাস্তিযোগ্য অপরাধ। আলমিরনের ঘটনায় ভিএআরের সহায়তা নিয়ে বার্টন সরাসরি লাল কার্ড দেখান। বিশ্বকাপের ইতিহাসে এই নিয়মে লাল কার্ড দেখানোর এটিই ছিল প্রথম ঘটনা।

সেমিফাইনালের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইভান বার্টনের সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন এল সালভাদরের ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। চতুর্থ কর্মকর্তা হিসেবে থাকবেন গ্লেন নাইবার্গ এবং রিজার্ভ রেফারির দায়িত্বে থাকবেন মাহবোদ বেগি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪