তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব টেকসই জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ক্লিন তারাকান্দা, গ্রিন তারাকান্দা’ কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় বিদ্যালয়ভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, প্লাস্টিক ও একবার ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার হ্রাস, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যালয় শুধু শিক্ষা অর্জনের স্থান নয়; বরং দায়িত্বশীল, মানবিক ও পরিবেশসচেতন নাগরিক গড়ে তোলার অন্যতম ভিত্তি। শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা ও সবুজায়নের এই উদ্যোগ তারাকান্দার প্রতিটি পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিচ্ছন্ন ও সবুজ তারাকান্দা গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বস্তরের নাগরিকের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন ইউএনও।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি