| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার মাস পরে আসছেন খালেদা জিয়া, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৮২৯৮ বার পঠিত
চার মাস পরে আসছেন খালেদা জিয়া, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস
ছবির ক্যাপশন: দেশের পথে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক :

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর সোমবার (৫ মে) দেশের পথে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।  যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে রওনা দেন তিনি। বিষয়টি জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


এর আগে স্থানীয় সময় ২টা ১০ মিনিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মাকে বিমানবন্দরে নিয়ে যান। এসময় তৈরী হয় জিয়া পরিবারের এক আবেগঘন মুহূর্ত। দেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে নাতনি জায়মা রহমানের সঙ্গে বেশ হাস্যোজ্জল মুখে দেখা যায়। গণমাধ্যমে আসা সেই মুহূর্তের একটি ভিডিওটিতে নাতনিকে উদ্দেশ্য করে বেগম জিয়াকে বলতে শোনা যায় ‘পিতার খেয়াল রেখো’। পরে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা বিদায় জানান খালেদা জিয়াকে। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ মোট ৯ জন।


বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতার আমিরের দেওয়া বিশেষ ফ্লাইটটি মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।


এদিকে রাজধানীর গুলশানের ৮০ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজায়’ কদিন ধরে চলছে গোছগাছ; বাড়ির সামনের সবুজ আঙিনা সাজানো হয়েছে ফুল গাছের টব দিয়ে। ভেতরেও কক্ষগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ প্রস্তুত করা হয়েছে বাড়িটি।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বেগম খালেদা জিয়ার বসবাসের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে ‘ফিরোজা’। ম্যাডামের বাসা কমপ্লিটলি রেডি। বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাজসজ্জা কোনো কিছুই বাদ নেই। ম্যাডামের স্বজনরা সব কিছু তদারক করেছেন। এখন আমরা সবাই ম্যাডামের অপেক্ষায় আছি।


অন্যদিকে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে দলের নেতাকর্মী থেকে শুরু করে সর্বসাধারণের মধ্যেও বিরাজ করছে উৎসাহ-উচ্ছ্বাস। অপেক্ষার প্রহর গুনছেন তারা। প্রিয় নেত্রীকে সাগত জানাতে সব রকমের প্রস্তুতি গ্রহন করেছে বিএনপি।


দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের দিয়েছেন বিশেষ নির্দেশনা। খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে মঙ্গলবার বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে, এমনকি পুরো ঢাকা শহরে কয়েক লাখ নেতাকর্মীর সমাগম ঘটতে পারে। একই দিন এসএসসি পরীক্ষা থাকায় সড়কে চলাচলের ক্ষেত্রে পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয় সেদিকে আন্তরিক নজর রাখতে দলের নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।


তিনি বলেছেন, আমরা অনুরোধ করছি, কেউ যেন রাস্তার ওপর না দাঁড়ান। ফুটপাতে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে যেন অভ্যর্থনা জানান। পরীক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। পুলিশ ও ট্রাফিক কর্তৃপক্ষকেও এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।


এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্দেশনায় জনসাধারণকে রাস্তায় না দাঁড়িয়ে ফুটপাতে অবস্থান করার অনুরোধ করা হয়েছে।

লন্ডন অবস্থানরত তার ব্যক্তি চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, লন্ডন থেকে ঢাকার যাত্রা পথে দোহায় যাত্রাবিরতি আছে। সিডিউল অনুযায়ী লন্ডন থেকে যাত্রা করে দোহা হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে স্থানীয় সময় রাত আড়াইটায়।


বেগম খালেদা জিয়া এই মুহুর্তে কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, আগের চাইতে ভালো আছেন। দেশবাসী দোয়া করবেন ম্যাডাম যেন ভালোভাবে দেশে পৌঁছাতে পারেন। 


গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তাঁর ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪