রিপোর্টার্স২৪ ডেস্ক : পিএসজির সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে কিলিয়ান এমবাপের, তবে পুরোনো ক্লাবের সঙ্গে বিরোধ এখনও চূড়ান্তভাবে শেষ হয়নি। সম্প্রতি সাবেক এই ক্লাবের বিরুদ্ধে ‘মানসিক হয়রানির’ অভিযোগ এনেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।
প্যারিসের প্রসিকিউটর দপ্তর গত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, এমবাপে অভিযোগ করেছেন যে, প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছ থেকে এখনো ৫৫ মিলিয়ন ইউরো বেতন-ভাতা বকেয়া রয়েছে।
তবে শুধু বেতন নয়—এমবাপে দাবি করেছেন, ক্লাবটির পক্ষ থেকে তার প্রতি অব্যাহত অবহেলা ও অপেশাদার আচরণ করা হয়েছে। ২০২৩-২৪ মৌসুম শুরুর আগে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানানোর পর তাকে স্কোয়াড থেকে কার্যত আলাদা করে দেওয়া হয়। ওই সময় একাই অনুশীলন করতে বাধ্য হন তিনি।
২০২২ সালে এমবাপেকে রাখতে পিএসজি ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি করে, যেখানে নানা আর্থিক সুবিধা ও বোনাসের কথা ছিল। তবে ফুটবলারের অভিযোগ, এসব প্রতিশ্রুতি পূরণ করেনি ক্লাব কর্তৃপক্ষ।
২০২৩ সালের জুনে এমবাপে ঘোষণা দেন, তিনি আর চুক্তির মেয়াদ বাড়াবেন না এবং ২০২৪ সালেই বিদায় নেবেন। এরপর থেকে এমবাপের প্রতি ক্লাবের আচরণ আরও কঠোর হয়ে ওঠে—যা, তার ভাষায়, ছিল ‘মানসিকভাবে নির্যাতনমূলক’।
এমবাপে বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন অধ্যায় শুরু করলেও পুরোনো ক্লাবের সঙ্গে আইনি লড়াই যে সহজে শেষ হচ্ছে না, তা স্পষ্ট হয়ে উঠছে এসব অভিযোগে।
রিপোর্টার্স২৪/ঝুম