| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবিতে চক্রাকার বাস সার্ভিসের দাবিতে মূল গেটে চাকসুর তালা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৬ ইং | ১১:০৭:২২:পূর্বাহ্ন  |  ৫৪৯৯ বার পঠিত
চবিতে চক্রাকার বাস সার্ভিসের দাবিতে মূল গেটে চাকসুর তালা

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সিএনজি অটোরিকশার ভাড়া বৃদ্ধি এবং হঠাৎ যান চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের মূল গেট বন্ধ করে দেন চাকসুর নেতাকর্মীরা। এতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রশাসনের বাস চলাচলও বন্ধ থাকায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কোনো গাড়ি ক্যাম্পাসে প্রবেশ বা ক্যাম্পাস থেকে বের হতে পারেনি।

শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার সকাল থেকে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্টগামী সিএনজি অটোরিকশার চালকরা ভাড়া বাড়িয়ে দেন। শিক্ষার্থীরা বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিলেও চালকরা তাতে সাড়া দেননি। পরে সন্ধ্যা থেকে কোনো ধরনের আলোচনা ছাড়াই সিএনজি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ১ নম্বর গেটে বিপুলসংখ্যক শিক্ষার্থী আটকা পড়েন।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁইয়া বলেন, “সিএনজি চালকরা সিন্ডিকেট তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছে। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সঙ্গে একাধিকবার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।”

তিনি বলেন, “ভাড়া বৃদ্ধি ও যানবাহন বন্ধের মাধ্যমে শিক্ষার্থীদের জিম্মি করার এই সিন্ডিকেট ভেঙে সিএনজি চলাচল স্বাভাবিক করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কার্যকর বিকল্প পরিবহন ব্যবস্থা করতে হবে। দাবি আদায় এবং প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত জিরো পয়েন্টে অবরোধ চলবে।”

চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, “চক্রাকার বাস সার্ভিস চালু করা আমাদের দীর্ঘদিনের দাবি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, তারা বারবার শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে এবং প্রতিশ্রুতি রাখেনি।”

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে চক্রাকার বাস সার্ভিস চালুর দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪