| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নুসরাত হত্যা মামলা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ২১:৪৩:২০:অপরাহ্ন  |  ২১৯ বার পঠিত
নুসরাত হত্যা মামলা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন

গাজীপুর প্রতিনিধি: ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আদালতের রায়ে খালাসের আদেশ পাওয়া কামরুন্নাহার মনিসহ আট জন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে পর্যায়ক্রমে তারা মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো: জাকির হোসেন। 

তিনি বলেন, মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই করে মুক্তি দেওয়া হয়।

এদিকে কারাগার থেকে মুক্তিপ্রাপ্তরা হলেন মো. শামীম, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, আফসার উদ্দিন, ইমরান হোসেন মামুন, ইফতেখার উদ্দিন রানা, আব্দুর রহিম শরীফ এবং কামরুন্নাহার মনি। এ সময় কামরুন্নাহার মনির সঙ্গে তার ৭ বছরের মেয়ে মোবাশ্বেরা খানম রাথীও বের হয়।

মুক্তির খবরে সকাল থেকেই তাদের আত্মীয়-স্বজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অপেক্ষা করতে থাকেন। এ সময় মুক্তিপ্রাপ্তরা তাদের আত্মীয়-স্বজনকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে তারা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করে ফেনীর উদ্দেশ্যে রওনা হন বলে পরিবার সূত্রে জানা যায়।

নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১০ জনকে খালাস এবং চার জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চার আসামি হলেন উম্মে সুলতানা পপি, মোহাম্মদ নুরুদ্দিন, শাহাদাত হোসেন জাবেদ ও ইফতেখার হোসেন রানা।

অপরদিকে মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীম।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪