রিপোর্টার্স২৪ ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম প্রভাবশালী নেতা এবং দলের যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের জন্য শিক্ষার্থীরা যথাসময় পাঠ্যপুস্তক পায়নি বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। তানভীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেই প্রশ্ন রাখেন তারেক রহমান।
গতকাল নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে তিনি এমন মন্তব্য করেন। মো: তারেক রহমান বলেন, জুলাইয়ের বাটপারকে দেখতে চান, যার জন্য আপনার সন্তানরা এখনো পাঠ্যপুস্তক পায়নি? এনসিপির তানভীরের কথা বলছি।
তিনি বলেন, দেখতে সুন্দর, দরবেশ টাইপের মানুষ। এই সময়ের দরবেশ, এই সময়ের সালমান এফ রহমান। ৩৬টি প্রকাশনী এবং তার বিরুদ্ধে দুদক তদন্ত করছে। অভিযোগের সত্যতা পেয়েছে।
তিনি আরো বলেন, আমরা আশ্চর্য হচ্ছি যে এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি। সে এখনো টকশোতে যায়, সেখানে গিয়ে সুন্দর সুন্দর কথা বলে। অপরাধ করেও কোনো ফল ভোগ করতে হচ্ছে না এদের। আরো আছেন আসিফ মাহমুদের (অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা) পিএস, এপিএসের বিরুদ্ধেও এ ধরনের দুর্নীতির অভিযোগ।
নগদের টাকা, নাহিদের পিএস; সবই প্রকাশ পাচ্ছে কিন্তু কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, জবাবদিহি করা হচ্ছে না।
আমজনতার দলের সদস্য সচিব বলেন, এরা হলেন জুলাইয়ের কালপ্রিট (অপরাধী) যারা আমাদের মহান জুলাইয়ের গায়ে নোংরা লাগিয়েছেন, দুর্গন্ধ লাগিয়েছেন। এই জুলাই চোর, জুলাই ডাকাত এনসিপির তানভীরের কারণে বছরের শুরুতে আমাদের সন্তানরা বই পায়নি। তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কারণ সে এনসিপি করে।
.
রিপোর্টার্স২৪/এস