| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের খুব কাছে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৫ ইং | ১২:০৪:৩৯:অপরাহ্ন  |  ১৬৪১৭১৪ বার পঠিত
মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের খুব কাছে বাংলাদেশ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নারী ফুটবলে নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পথে শক্ত এক ধাপ পেরিয়ে গেল লাল-সবুজের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে প্রায় নিশ্চিত করেছে টুর্নামেন্টের মূল পর্বের টিকিট।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমার ছিল কাগজে-কলমে ফেভারিট। তবে মাঠের লড়াইয়ে সব হিসাব উল্টে দিয়ে ইয়াংগুনের থুউন্না যুব ট্রেইনিং সেন্টার স্টেডিয়ামে জয়ের স্বাদ পায় সাবিনা খাতুনবিহীন দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখায় বাংলাদেশ। মাত্র দ্বিতীয় মিনিটেই গোলের সম্ভাবনা তৈরি করে মনিকার ক্রসে। এরপর ১৮ মিনিটে বক্সের দিকে বল এগিয়ে নিতে গেলে শামসুন্নাহার সিনিয়রকে ফাউল করে বসে মিয়ানমার ডিফেন্ডার খিন ম্যো থান্ডার তুন।

ফলে ফ্রি-কিক পায় বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার প্রথম শটটি ঠেকালেও রিবাউন্ড থেকে আবারও শট নিয়ে বল জালে পাঠান এই মিডফিল্ডার। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র, তবে তার শট পোস্টে লেগে ফিরে আসে।

প্রথমার্ধে ব্যবধান কমাতে পারেনি স্বাগতিকরা। বিরতির আগে সবচেয়ে বড় সুযোগটি নষ্ট করেন সান থাও থাও। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও ছন্দ ধরে রাখে গোলাম রব্বানী ছোটনের উত্তরসূরি বাটলারের শিষ্যরা। ৭২ মিনিটে আবারও নায়ক ঋতুপর্ণা চাকমা। দুর্দান্তভাবে প্রতিপক্ষ ডিফেন্স চিড়ে দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়ান তিনি।

ম্যাচের ৮৮ মিনিটে একমাত্র গোলটি শোধ দেয় মিয়ানমার। উইন উইনের গোলে ব্যবধান কমলেও বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। শেষ বাঁশি বাজার পর বাংলাদেশই হাসে শেষ হাসি।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে রয়েছে বাংলাদেশ। মূল পর্ব নিশ্চিত করতে হলে বাকি এক ম্যাচে অন্তত একটি ড্র করলেই চলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শনিবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাটলারের দল।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪