| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শা-বেনাপোলে ৩২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৬ ইং | ১২:৩৬:৪০:অপরাহ্ন  |  ৬৩৯ বার পঠিত
শার্শা-বেনাপোলে ৩২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

বেনাপোল প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা সামনে রেখে যশোরের শার্শা ও বেনাপোলে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাঁশ, কাঠ, খড় ও মাটি দিয়ে প্রতিমা তৈরিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। কোথাও চলছে মাটির প্রলেপ শুকানোর কাজ, আবার কোথাও প্রতিমায় ফুটিয়ে তোলা হচ্ছে সূক্ষ্ম কারুকাজ। এরপরই শুরু হবে রং ও তুলির কাজ।

এবার শার্শা উপজেলায় বেনাপোল পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৩২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌর এলাকায় চারটি এবং ১১টি ইউনিয়নে রয়েছে ২৮টি পূজামণ্ডপ।

বিভিন্ন মণ্ডপ ও প্রতিমাশিল্পীদের কর্মশালা ঘুরে দেখা গেছে, প্রায় এক মাস আগে শুরু হওয়া প্রতিমা তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। বাঁশ ও কাঠের কাঠামোর ওপর খড় দিয়ে অবয়ব তৈরি করে তাতে দেওয়া হচ্ছে এঁটেল মাটির প্রলেপ। দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমাও তৈরি করছেন শিল্পীরা।

মৃৎশিল্পীরা জানান, বৃষ্টি থাকায় মাটি শুকাতে মাঝে মাঝে সমস্যা হয়েছে। তবে এখন আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় দ্রুতগতিতে এগিয়ে চলছে প্রতিমা তৈরির কাজ।

একজন প্রতিমাশিল্পী বলেন, বাঁশ, কাঠ, সুতলি ও এঁটেল মাটিসহ বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরির খরচও আগের তুলনায় বেড়েছে। প্রায় ৪০ হাজার টাকা দামের একটি প্রতিমা তৈরিতেই ৩০ হাজার টাকার বেশি খরচ হয়ে যায়। ফলে আগের তুলনায় তাঁদের লাভ কমে গেছে।

প্রতিমা তৈরির পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটিগুলোও মণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও নিরাপত্তাসহ অন্যান্য প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। দুর্গোৎসবকে ঘিরে ইতোমধ্যে শার্শা ও বেনাপোলে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

শার্শা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ দাস বলেন, শারদীয় দুর্গোৎসব সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রতিমা তৈরি থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি জোরেশোরে চলছে। ভক্তদের অংশগ্রহণে এবারও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালিত হবে বলে আশা করেন তিনি।

আগামী ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক আবহ শুরু হবে। ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে মূল পূজা শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসব শেষ হবে।

’রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪