শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে মো. সোলাইমান মিয়া (৫৫) নামে এক শ্রমিক দল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার খড়িয়াকাজির ইউনিয়নের মধ্যলংগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোলাইমান মিয়া ওই ইউনিয়ন শ্রমিক দলের নেতা ছিলেন।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, মঙ্গলবার দুপুরে নিজের জমিতে সীমানা খুঁটি পুঁততে গেলে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। এ সময় আলাউদ্দিন, বাচ্চু মিয়া ও পিয়ারা বেগমসহ ৫-৬ জন তাঁকে এলোপাতাড়ি মারধর করেন এবং বুকের মধ্যে কিল-ঘুষি মারেন। পরে আহত অবস্থায় বাড়িতে ফিরে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের অভিযোগ, ঘটনার পর নিহতের ছেলে শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ দিতে যাওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন তাঁকে পথে বাধা দেয়। এ ছাড়া ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি গোপনে আপস-মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর বুধবার (২১ অক্টোবর) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীবরদী থানা-পুলিশ।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে, এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ, হামলার অভিযোগ এবং আপসের চেষ্টার বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে নিশ্চিত হওয়া প্রয়োজন।
রিপোর্টার্স২৪/রাফিদ