| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭২ বাংলাদেশি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৬ ইং | ১৪:৩০:১১:অপরাহ্ন  |  ১৯৯ বার পঠিত
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭২ বাংলাদেশি

রিপোর্টার্স২৪ ডেস্ক: লিবিয়ার মিসরাতা থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার দিবাগত রাত ৪টা ৫১ মিনিটে বুরাক এয়ারের (ইউজেড-২২২) একটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বিমানবন্দরে আসা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশে ফেরত আসা বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় পৌঁছান।

তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

এ ধরনের ঝুঁকিপূর্ণ পথে বিদেশযাত্রার ভয়াবহ পরিণতি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশে ফেরত আসা ব্যক্তিদের দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশে ফেরত আসা প্রত্যেক বাংলাদেশিকে আইওএমের পক্ষ থেকে যাতায়াতের খরচ, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে কাজ করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪