স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন আফাজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংষ্কারের ৩১ দফা মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে হবে। আগামী দিনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসলে ৩১ দফার মাধ্যমেই দেশ পরিচালিত হবে।
শুক্রবার বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টরে ৩১ দফার লিফলেট বিতরণ ও বৃক্ষ রোপণ এবং উত্তরখান থানার কাচকুড়া বাজারের সামনে লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ৩১ দফার মধ্যে জনগণের কথা বলা আছে, দেশের কথা আছে। সকল দলের কথা আছে। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের কথা আছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা আছে । স্বৈরাচারের বিচারের কথা আছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গড়ার কথা আছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি।
এসময় সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে আফাজ উদ্দিন বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। দেশে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে বানচাল করতে কিছু ষড়যন্ত্রকারী উঠে পরে লেগেছে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এদেশের সাধারণ মানুষ দীর্ঘ ১৫ বছর ভোট দিতে পারে নাই। মানুষ ভোট দিতে চায়। মানুষ অধীর আগ্রহে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির এই নেতা বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ড. মুহাম্মদ ইউনুস এর ফলপ্রসূ বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে দেখে জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাই এখন নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলগুলো প্রস্তুত রয়েছে।
তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করে বলেন, কালবিলম্ব না করে, অতি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। বিএনপি জোর করে রাতের অন্ধকারে ক্ষমতায় আসতে চায় না। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে চায়।
বিএনপি বিশৃঙ্খলাকারী সংগঠন নয় উল্লেখ করে আফাজ উদ্দিন বলেন, বিএনপি সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক একটি রাজনৈতিক দল। ভোটের জন্য এই দলটি দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের দলের বহু নেতাকর্মী জেল জুলুম অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে। বিএনপির অনেক নেতাকর্মীরা নির্য়াতিত ও নিপীড়িত উল্লেখ করে তিনি বলেন, এই নির্য়াতন নিপীড়ন ও জুলুম অন্যায়কে পুঁজি করে জাতীয় সাংসদের উত্তরা- ১৮ আসনে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কাউকে বিন্দু পরিমান ছাড় দেয়া হবে না।