বগুড়া প্রতিনিধি: চলতি মাসে বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন। একইসঙ্গে করতোয়া নদী-খাল পুনঃখনন আনুষ্ঠানিকতা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
তিনি জানান, প্রধানমন্ত্রী চলতি সপ্তাহের শেষ দিকে অথবা মাসের শেষ দিকে বগুড়া সফর করবেন। দেশের উন্নয়ন কর্মকান্ড আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বন্টন করা হবে। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের বিষয়টি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এটি পাস হলে নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের ধৈর্য খুব কম, অনেক সময় অস্থির হয়ে পড়ি। কিন্তু উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। উন্নয়ন খুঁজতে হবে না, উন্নয়নই জনগণকে খুঁজে নেবে। চলমান প্রকল্পগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে সমাপ্ত করতে অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন। সরকারের বিশেষ কর্মপরিকল্পনা ও সমন্বিত কার্যকর উদ্যোগ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
গতকাল বৃহস্পতিবার বগুড়ার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলার স্থানীয় গণমাধ্যম 'দৈনিক বগুড়া' পত্রিকার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, টিএমএসএস নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কালাম আজাদ।
রিপোর্টার্স২৪/ঝুম