স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে সম্প্রতি একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিএনপির অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের বাইরে অন্য সব সংগঠনকে অবৈধ ঘোষণা করে সতর্কীকরণ নোটিশ জারি করা হয়। তবে বিএনপির কেন্দ্রীয় দফতর ও সংশ্লিষ্ট নেতারা এই বিজ্ঞপ্তিকে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে আখ্যা দিয়েছেন।
এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, “অনেক আগে একটি প্রেস কনফারেন্সে ভুঁইফোড় সংগঠনের বিষয়ে সতর্ক করে দলীয় বক্তব্য দিয়েছিলাম। সেটিই এবার নতুন করে তারিখ ও আমার স্বাক্ষর এডিট করে আবারও ছড়ানো হয়েছে। এটি পুরোপুরি ভুয়া ও বিভ্রান্তিকর।”
৫ জুলাইয়ের তারিখ সংবলিত বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিএনপির অনুমোদিত ১১টি সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন দলটির অংশ নয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নাম ব্যবহার করে সংগঠন গঠনের অভিযোগও তোলা হয়েছে। এসব সংগঠনকে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে অভিযুক্ত করা হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
বিএনপির অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন
১. জাতীয়তাবাদী যুবদল
২. জাতীয়তাবাদী ছাত্রদল
৩. জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
৪. জাতীয়তাবাদী শ্রমিক দল
৫. জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল
৬. জাতীয়তাবাদী কৃষক দল
৭. জাতীয়তাবাদী মহিলা দল
৮. জাতীয়তাবাদী ওলামা দল
৯. জাতীয়তাবাদী মৎস্যজীবী দল
১০. জাতীয়তাবাদী তাঁতী দল
১১. জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)
ভুয়া বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এ তালিকার বাইরে অন্য সব সংগঠন অননুমোদিত এবং তাদের কোনো কার্যক্রম কিংবা পরিচয় দল স্বীকার করবে না।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, “এই প্রেস বিজ্ঞপ্তি বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে প্রকাশিত হয়নি এবং এটি দলের কোনো অনুমোদিত মাধ্যমেও প্রচার হয়নি। এটি একটি পরিকল্পিত গুজব, যার উদ্দেশ্য দলকে বিভ্রান্ত করা।”
তিনি আরও জানান, বিএনপি সাধারণত যেকোনো সাংগঠনিক সিদ্ধান্ত ইমেইল, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করে থাকে। কিন্তু আলোচিত এই বিজ্ঞপ্তি সে প্রক্রিয়া অনুসরণ করেনি।
সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে অনেকেই এই ভুয়া বিজ্ঞপ্তিটি শেয়ার করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। এমনকি কিছু অনলাইন পোর্টালেও এটি ছাপা হয়েছে। এ প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকে যাচাই-বাছাই করে তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/আরএইচ