স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পূর্বঘোষিত শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে এ হামলাকে জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর ‘নগ্ন আক্রমণ’ বলে উল্লেখ করেন।
বুধবার (১৬ জুলাই) লেবার পার্টির দপ্তর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার স্বৈরশাসনের পতন হয়েছে। গণহত্যায় জড়িত হাসিনা রেজিম ক্ষমতা ছেড়ে পালিয়ে গিয়েছে। দেশের জনগণ আর কখনো সেই দু:শাসনকে ফিরে আসতে দেবে না।”
নেতৃদ্বয় গোপালগঞ্জে হামলায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”
বিবৃতিতে লেবার পার্টি দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তিকে ‘আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্ভেদ্য জাতীয় ঐক্য’ গড়ে তোলার আহ্বান জানায়। নেতারা বলেন, “ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই-সংগ্রাম জোরদার করতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় জাতীয় ঐকমত্যের কোনো বিকল্প নেই।”
রিপোর্টার্স২৪/আরএইচ