| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেন্দ্রীয় ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটি স্থগিত

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৫ ইং | ১২:৪১:৩১:অপরাহ্ন  |  ১৫৮০৬০৭ বার পঠিত
কেন্দ্রীয় ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটি স্থগিত
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ।

সভাপতি রিফাত রশিদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে অপকর্ম হচ্ছে। এসব বরদাশ্ত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, এসব অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।’

তিনি বলেন, গতকালসহ বিগত দিনগুলোর বেশ কয়েকটি ঘটনায় আমরা দেখেছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। কমিটির আত্মপ্রকাশের দিনই আমরা সতর্ক করে দিয়েছিলাম যে, ‘এ ধরনের অপকর্ম বরদাস্ত করা হবে না’। এরপরও বিভিন্ন মহল ও রাজনৈতিক দলগুলোর শেল্টারে অপকর্ম চলছে, তাছাড়া দেখা যাচ্ছে জুলাই যোদ্ধাদের কেউ কেউ বিপথগামী হয়েছে। এই মুহূর্তে বিষয়টি ভিজিবলি নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। তাই অরগানোগ্রামের জরুরি মিটিংয়ে উপস্থিত চারজন সম্মিলিতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছে। তাহলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশে সব কমিটির কার্যক্রম আজ (২৭ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো।


রিফাত রশিদ আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলছি, আজকের এই প্রেস কনফারেন্সের পর থেকে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে বা যারা কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। এ বিষয়ে আমাদের সহযোগিতা চাইলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সার্বিক সহযোগিতা করব।

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে কোনো ঘটনার দায় স্বীকার করে সারাদেশের কমিটি স্থগিত করা নজিরবিহীন। চলমান চাঁদাবাজির ঘটনায় আমরা দায় স্বীকার করেছি। আমরা জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য সকল ধরনের কাজ করে যাবো। সামনের দিনগুলোতে আমাদের কর্মকাণ্ডে আপনারা তা দেখতে পাবেন।’

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যেই গতকাল রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে পাঁচজন আটক হন, যারা নিজেদের বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা বলে দাবি করেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি সারাদেশের কমিটি স্থগিতের মতো বড় সিদ্ধান্ত নিলো।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪