| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেয়র পদে ইশরাকের বিরুদ্ধে দাঁড়াতে চান হিরো আলম

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৫ ইং | ০৭:১৬:৫৫:পূর্বাহ্ন  |  ১৫৬৯৪০৮ বার পঠিত
মেয়র পদে ইশরাকের বিরুদ্ধে দাঁড়াতে চান হিরো আলম

রিপোর্টার্স২৪ ডেস্ক :
রাজনীতিতে অনেকদিন ধরেই সক্রিয় হিরো আলম। বেশ কয়েকবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। তবে এবার তিনি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাকের বিরুদ্ধে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে। 

বুধবার (৩০ জুলাই) হিরো আলম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করবো। সেভাবে প্রস্তুতি নিচ্ছি। ঢাকা দক্ষিণ সিটির মানুষদের সঙ্গে কথা বলছি, মতবিনিময় করছি। সময় হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’

ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তার বিরুদ্ধে নির্বাচন কতটা কঠিন হবে জানতে চাইলে হিরো আলম বলেন, ‘কোনো নির্বাচনই সহজ নয়। আমি আমার মতো কাজ করে যাচ্ছি। তবে সব কিছুই নির্ভর করে জনগণের ওপর। যদি তারা চায় তাহলে জাতীয় নির্বাচনেও অংশ নেবো। আপাতত মেয়র নির্বাচন নিয়েই ভাবছি। অনেকে ফোন দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। আলোচনা চলছে। আমি মানুষের জন্য কাজ করার সুযোগ চাই।’

হিরো আলম এর আগে ২০২৩ সালের ২৩ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণের দিন তার ওপর হামলা হয়। পরে তিনি ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন।

এছাড়া ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনকে ৮৩৪ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। অন্যদিকে বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হন।

সুত্র : জাগো নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪