সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীড় ডাঙ্গা এলাকায় একটি পারিবারিক কবরস্থান থেকে একাধিক কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।
রোববার ঠাকুরগাঁও বিচারক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায় গত শনিবার (১০ মে) সকাল ৯টার দিকে কবরস্থান পরিষ্কার করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা অন্তত ১০ থেকে ১২টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। সন্দেহ হলে তারা কবরস্থানের আশপাশে অবস্থান নিয়ে ধাওয়া করে মো. আজিজুল ইসলাম (৩২) ও মোছা. রিনা বেগম (৩৫) নামের দুইজনকে আটক করেন।
পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কঙ্কাল চুরির বিষয়টি স্বীকার করেন। তারা জানান, পূর্বপরিকল্পিতভাবে আরও কয়েকজনের সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে আসছেন। ওইদিনও একই উদ্দেশ্যে কবরস্থানে গিয়েছিলেন তারা।
ঘটনার পর স্থানীয় মো. আবদুর রাজ্জাক ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন। তিনি বলেন, ‘আমার চাচাসহ আত্মীয়স্বজনের কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। এমন ঘটনা ভাবতেই গা শিউরে ওঠে।’
এলাকাবাসীর গণপিটুনিতে আটক দুজন আহত হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ‘আটক দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সামসুল হক জানান, ‘ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে আটক আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।’
.
রিপোর্টাস২৪/এস