| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৬২২, আহত দেড় হাজারের বেশি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ০৬:৫৮:২৫:পূর্বাহ্ন  |  ১৫৮১৩১০ বার পঠিত
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৬২২, আহত দেড় হাজারের বেশি
ছবির ক্যাপশন: ভূমিকম্পে নিহত ছোট ভাইয়ের কবরের পাশে শোকাহত আফগান শিশু /ছবি: এপি

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২২ জনে। আহত হয়েছেন এক হাজার ৫০০ জনেরও বেশি। সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১২টার দিকে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। হিন্দুকুশ পর্বতমালার দুর্গম অঞ্চলে কাদামাটি ও পাথরের তৈরি বহু ঘরবাড়ি ধসে পড়ে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।

রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকা থেকে সেনা ও চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের অনেককে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। রেইটার্স টেলিভিশনের ভিডিওচিত্রে দেখা গেছে, সেনা সদস্য ও স্থানীয় বাসিন্দারা মিলে ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, কুনার প্রদেশের তিনটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কেবল ওই প্রদেশেই অন্তত ২৫০ জন নিহত ও ৫০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একটি মাত্র গ্রামেই ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এখনো কোনো বিদেশি সরকার উদ্ধার বা ত্রাণ কার্যক্রমে সহায়তার প্রস্তাব দেয়নি।

হিন্দুকুশ পর্বতমালার সংযোগস্থলে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের অবস্থানের কারণে আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। গত বছর দেশটির পশ্চিমাঞ্চলে একাধিক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪