তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করা এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত সভার মূল উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় গ্রাম আদালতের সেবা পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে জনসচেতনতা ও সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধি করা।
কাকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক সেবা এবং এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন কাকনী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম।
এ সময় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তপু চন্দ্র সরকার, ইউপি সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/রাফিদ