| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করল নেপাল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং | ১৭:২৪:০২:অপরাহ্ন  |  ১৫৫৭৫৫৪ বার পঠিত
ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করল নেপাল
ছবির ক্যাপশন: ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করল নেপাল

রিপোর্টার্স২৪ ডেস্ক : অপব্যবহার ঠেকাতে কর্তৃপক্ষের নিবন্ধনের সিদ্ধান্ত পূরণে ব্যর্থ হওয়ার পর নেপালের সরকার ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে। নিবন্ধনের জন্য সরকারের বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির সরকার ঘোষণা দিয়েছে। 

নেপালের সরকার বলেছে, ভুয়া আইডির মাধ্যমে ব্যবহারকারীরা ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। বর্তমানে দেশটির তিন কোটি জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে।

দেশটির সরকার সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন করার জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। এতে শর্ত হিসেবে নিবন্ধনের সময় স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী এবং কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম দেওয়ার কথা বলা হয়।

এসব শর্ত না মানলে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর সেবায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) নিবন্ধন না করা প্ল্যাটফর্মগুলোর অ্যাক্সেস বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে কোন কোন প্ল্যাটফর্মের বিরুদ্ধে এই পদক্ষেপ বাস্তবায়ন করা সেই বিষয়ে স্পষ্ট করেনি দেশটির কর্তৃপক্ষ। 

দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপো লাইভ ইতোমধ্যে নিবন্ধন করেছে। কিন্তু ফেসবুকসহ কিছু প্ল্যাটফর্ম নিবন্ধন করেনি।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, আমরা তাদের নিবন্ধনের জন্য পর্যাপ্ত সময় দিয়েছি এবং বারবার অনুরোধ করেছি। কিন্তু তারা আমাদের অনুরোধ উপেক্ষা করেছে। যে কারণে তাদের সেবা নেপালে বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪