রিপোর্টার্স২৪ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটি পক্ষ মব সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি জাতীয়তাবাদী দলের সব পর্যায়ের নেতাকে আহ্বান জানিয়ে বলেছেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, (চক্রান্তকারী) এখনো দিল্লিতে বসে আছে (ষড়যন্ত্র চালাচ্ছে)। নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য একটি পক্ষ আবার নানা পদ্ধতি, নানা কায়দায়, নানা মব সৃষ্টি করছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, যেই দিল্লি স্বাধীনতার সহায়তার নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে, সেই দিল্লির প্ররোচনায় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে যদি কেউ প্রফেসর ইউনূসের অধীনে নির্বাচন বানচাল করার চেষ্টা করে, জনগণ তা প্রতিহত করবে।
তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে বলেন, তোমার অধীনে ও তোমার বাপের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি।
এ সময় তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ করে ফারুক বলেন, জনগণ যেন তার নিজের ভোট নিজে দিতে পারে এবং দিনের ভোট দিনে দিতে পারে এমন একটি নির্বাচন দিন।
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, আপনাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।
একদল গণভোট না হলে নির্বাচনে যাবে না, আরেকদল পিআর না হলে নির্বাচনে যাবে না—অথচ তারা ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। মসজিদে মসজিদে প্রচারণা শুরু করে দিয়েছে, ঘরে ঘরে প্রচারণা শুরু করে দিয়েছে যে— ‘বেহেশতে নিয়ে যাব যদি দাঁড়িপাল্লায় ভোট দাও’।
ফারুক বলেন, বাংলাদেশের জনগণ জানে যে খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ জিয়াউর রহমানের দল যখনই ক্ষমতায় ছিল, জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি।
রিপোর্টার্স২৪ /এসএন