| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিবিসি বাংলার প্রতিবেদন

যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৬ ইং | ১২:০২:০৪:অপরাহ্ন  |  ১০৯৭ বার পঠিত
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

রিপোর্টার্স২৪ ডেস্ক: যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন, ঠিক সেভাবেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে চায় ভারত। এ ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে সরাসরি দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান ঘিরে দায়ের করা মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করার শর্তও সামনে এনেছে ভারত। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন সহজ করতে ভারতের পক্ষ থেকে দুটি প্রধান শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। এ জন্য একটি সামরিক বিমান পাঠিয়ে তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রস্তাব রয়েছে। কারণ, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের সামরিক বিমানেই তিনি ভারতে গিয়েছিলেন। অবশ্য স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্টেও বাংলাদেশ সেনাসদস্যরা তাঁকে গ্রহণ করতে পারেন।

দ্বিতীয়ত, জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে শেখ হাসিনাকে আপিল করার সুযোগ দিতে হবে। পাশাপাশি নতুন করে একটি স্বচ্ছ ও ন্যায়সংগত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার বিষয়েও বাংলাদেশ সরকারের কাছ থেকে নিশ্চয়তা চায় ভারত।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে শেখ হাসিনার দীর্ঘ অবস্থান এখন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নয়াদিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের দায়ে দণ্ডিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ভারত।

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় নীতিনির্ধারকদের একটি অংশ শুরুতে চেয়েছিলেন শেখ হাসিনা যেন বাংলাদেশে ফিরে না গিয়ে তৃতীয় কোনো দেশে চলে যান। এ লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার যোগাযোগও করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই উদ্যোগ সফল হয়নি। ফলে শেখ হাসিনার দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই এখন তুলনামূলক বাস্তবসম্মত পথ হিসেবে বিবেচনা করছে নয়াদিল্লি।

এ ছাড়া ভারতের নীতিনির্ধারকদের ধারণা, শেখ হাসিনা দেশে ফিরে না এলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন হয়ে পড়বে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’

ওই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ভারত চায় শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে সম্পন্ন হোক। এতে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পর্যবেক্ষণের সুযোগ থাকবে বলে মনে করছে নয়াদিল্লি।

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার পর তাঁর নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন ভারত। একজন ভারতীয় সামরিক সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তা যাতে কোনোভাবেই ঝুঁকির মুখে না পড়ে, সে জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে তাঁর সুরক্ষার দায়িত্ব নেওয়ার নিশ্চয়তা দিতে হবে।

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আবেদন করেছিল। তবে প্রত্যর্পণ চুক্তির বিভিন্ন আইনি দিক বিবেচনার কথা বলে তখন থেকেই বিষয়টি ঝুলিয়ে রেখেছে নয়াদিল্লি।

ভারতীয় কর্তৃপক্ষের অবস্থান হলো, আসামি হিসেবে কোনো বাংলাদেশি বিমানে তুলে শেখ হাসিনাকে সরাসরি হস্তান্তর করতে চায় না তারা। কারণ, এমন পদক্ষেপের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক নেতৃত্বের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে। বিশেষ করে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো প্রতিবেশী দেশের মিত্র নেতাদের বিষয়টি বিবেচনায় রাখছে ভারত।

তবে গত কয়েক মাস ধরে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লিতে নিযুক্ত তৎকালীন বাংলাদেশি হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। ভারতীয় সামরিক সূত্রের দাবি, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এ বৈঠক হয়েছিল।

এ প্রসঙ্গে ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের বক্তব্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ রয়েছে। প্রতি সপ্তাহেই দুই দেশের সেনাপ্রধানের মধ্যে কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

ভারতীয় সামরিক সূত্রের ইঙ্গিত, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান যোগাযোগ ও স্বাভাবিক সম্পর্ককে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রেও কাজে লাগাতে চায় নয়াদিল্লি। এ কারণেই তাঁর দেশে ফেরার প্রক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি সম্পৃক্ততার ওপর জোর দিচ্ছে ভারত।

বিবিসি বাংলার প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

তবে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান নিয়ে সন্দেহ রয়েছে ভারতীয় কর্মকর্তাদের মধ্যে। তাঁদের ধারণা, জ্বালানি সংকট এবং পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ বিভিন্ন অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। এ অবস্থায় শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। ফলে সরকার তাঁকে এখনই দেশে ফিরিয়ে নিতে আগ্রহী কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে নয়াদিল্লির।

এ বিষয়ে নয়াদিল্লির সাউথ ব্লকের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শর্ত পূরণ না হওয়ায় ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা কঠিনএটি ভারতও জানে। তারপরও তাঁর ফেরার ঘোষণায় সম্মতি দেওয়ার পেছনে একটি কৌশলগত অবস্থান রয়েছে।

ওই কর্মকর্তার ভাষায়, ‘অন্তত আমরা তখন বলতে পারব যে শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখানোয় তা সম্ভব হয়নি।’

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত ৩১ ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরতে না পারলেও, ভারতে তাঁর অবস্থান দীর্ঘায়িত করার পক্ষে নয়াদিল্লির হাতে নতুন একটি যুক্তি তৈরি হতে পারে।

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত নানা হিসাব-নিকাশ চলছে। ভারতের প্রস্তাবিত শর্তগুলো বাংলাদেশ কীভাবে বিবেচনা করে এবং প্রত্যর্পণ প্রশ্নে দুই দেশের মধ্যে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে, তা নিয়েই এখন আলোচনা।

সূত্র: বিবিসি বাংলা


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪