ইন্টারন্যাশনাল ডেস্ক: লন্ডনের পশ্চিমাঞ্চলীয় হোয়াইট সিটিতে অবস্থিত বিবিসির সাবেক সদর দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাত প্রায় ৩টার দিকে নয়তলা হেলিওস ভবনের ওপরের অংশে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে ভবনটি ফ্ল্যাট, রেস্তোরাঁ, হোটেল ও জিমনেসিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ১০০ দমকলকর্মী কাজ করেছে। হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন ও চিসউইক স্টেশন থেকে বিশেষায়িত দমকল দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা মোকাবিলায় দুটি ৩২ মিটার উচ্চতার টার্নটেবল ল্যাডারকে পানির টাওয়ার হিসেবে ব্যবহার করে ভবনের উপরের অংশে পানি ছিটানো হয়।
দমকল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, আগুন মূলত ভবনের উপরের তলায় ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ফ্ল্যাট, একটি রেস্তোরাঁ, বহিরাগত ডেকিং ও ডাক্টিং ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পূর্ণ চিত্র এখনো জানা যায়নি।
প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আশপাশের ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি রেস্ট সেন্টার খোলা হয়।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, একজন ইনসিডেন্ট রেসপন্স অফিসার এবং হ্যাজার্ডাস এরিয়া রেসপন্স টিম কাজ করে।
হেলিওস ভবনের ওয়েবসাইট অনুযায়ী, এখানে ১৬২টি ফ্ল্যাট, একটি জিম ও ৪৭ শয্যার একটি হোটেল রয়েছে। ভবনটি বিবিসির টেলিভিশন সেন্টারের অংশ ছিল, যা ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।
রিপোর্টার্স২৪/ধ্রুব