ফরিদপুর প্রতিনিধি: কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুর জেলার বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টার দিকে উপজেলা পরিষদের সামনে অবস্থিত বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “আমি ফেক পলিটিক্স পছন্দ করি না। আমি ১৭ বছর ধরে অনেক দুঃখ, ক্লেশ, বেদনা, জ্বালা, যন্ত্রণা, নির্যাতন সহ্য করেছি। গত বছরের জুলাই মাসে আমাকে গ্রেফতার করে আমার বাম কান ফাটিয়ে দেওয়া হয়েছিল।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা সমাজের সৈনিক। এখন বিভিন্ন প্রশাসনে ভয়াবহ দুর্নীতি হচ্ছে। আওয়ামী লীগের আমলেও দুর্নীতি ছিল, কিন্তু এখন তা আরও ভয়াবহ রূপ নিয়েছে। আপনারা সাহস করে এসব নিয়ে লিখবেন। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং কাজ। অন্যায়ের প্রতিবাদ করতে হবে শক্তিশালীভাবে। থানায় দালালি হচ্ছে, আওয়ামী লীগের লোকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা উঠানো হচ্ছে। আমার দলের হোক বা দলের বাইরে হোক— যারা অন্যায় করছে, দালালি করছে, তাদের বিরুদ্ধে আপনাদের কলমকে তীক্ষ্ণ হতে হবে।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কুদ্দুস প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য খান আতাউর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশীদ হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহা প্রমুখ।
গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, অর্থ সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক এম এম জামান, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমীর চারু বাবলু, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর অপু, খবর পত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, আমাদের অর্থনীতি প্রতিনিধি সনৎ চক্রবর্তী, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, সংগ্রাম প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম, প্রতিদিনের কাগজ প্রতিনিধি মুকুল বসু, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোহাম্মদ ইমরানসহ অনেকে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা