| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্ত্রীকে না পেয়ে স্বামীর হাতে পুলিশের হাতকড়া, ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ২১:৫৬:৩০:অপরাহ্ন  |  ৩৫৪ বার পঠিত
স্ত্রীকে না পেয়ে স্বামীর হাতে পুলিশের হাতকড়া, ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেরা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে গিয়ে তাকে বাড়িতে না পেয়ে তার স্বামী মো. শহীদকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ—এমন অভিযোগ করেছে তার পরিবার। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে শহীদ অচেতন হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মো. শহীদের বয়স ৬২ বছর। তিনি ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে।  

নিহত শহীদের পরিবারের দাবি, জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সাবেরা খাতুনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা কার্যকরে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সাব্বিরসহ কয়েকজন পুলিশ সদস্য বাড়িতে যান।

পরিবারের ভাষ্য, সাবেরা খাতুনকে না পেয়ে পুলিশ তার স্বামী শহীদকে জোর করে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ শক্তি প্রয়োগ ও ভয়ভীতি দেখিয়েছে বলেও অভিযোগ পরিবারের। 

নিহত শহীদের ভাই আবদুল খালেক বলেন, ‘জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আদালতে করা মামলায় আমার ভাইয়ের স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আজ দুপুরে তাকে ধরতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সাব্বিরসহ কয়েকজন পুলিশ আমাদের বাড়িতে আসেন।’ 

আবদুল খালেকের দাবি, তার ভাবিকে না পেয়ে পুলিশ শহীদকে হাতকড়া পরিয়ে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শহীদ নিরপরাধ উল্লেখ করে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও উপপরিদর্শক সাব্বির তা উপেক্ষা করেন বলে অভিযোগ তার। 

আবদুল খালেক বলেন, ‘ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় তার ভাই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পুলিশ হাতকড়া খুলে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায় বলে তার দাবি। পরিবারের সদস্যরা শহীদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উপপরিদর্শক সাব্বিরসহ দুজন পুলিশ সদস্য শহীদকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ভিডিওতে আবদুল খালেককে বলতে শোনা যায়, ‘আমার ভাইয়ের নামে কোনো মামলা নাই, আপনারা আমার ভাইকে কেন ধরছেন। আমার ভাই স্ট্রোকের রোগী। সে তিনবার স্ট্রোক করেছে। আমার ভাইয়ের কিছু হলে তার জন্য আপনারা দায়ী থাকবেন।’

স্থানীয় সূত্র জানিয়েছে, মামলা ছাড়া হাতকড়া পরিয়ে শহীদকে তুলে নেওয়ার চেষ্টা ও ধস্তাধস্তিতে তার মৃত্যুর অভিযোগে এলাকাজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। 

উপপরিদর্শক সাব্বিরের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করতে বলে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪