| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ২১:৫৮:৩৬:অপরাহ্ন  |  ৭২৮ বার পঠিত
মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মসজিদের মাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়ে মোবাইল ফোন কোম্পানির সিম বিক্রির অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতারণার বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা আমিনুর রহমান নামের এক সিম বিক্রেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পণ্ডিতপুর গ্রামের আঞ্জু মিয়ার ছেলে রুবেল মিয়ার অনুরোধে স্থানীয় মসজিদের ইমাম মাইকে ঘোষণা দেন যে, ফ্যামিলি কার্ড পেতে হলে বুধবার সকালে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ২০০ টাকাসহ রুবেলের দোকানে আসতে হবে। এই ঘোষণা শুনে ফ্যামিলি কার্ডের আশায় ভোর থেকেই এলাকার শতাধিক অসহায় ও দরিদ্র নারী দোকানে ভিড় জমান।

ভুক্তভোগী ফিরোজা ও সাবিনা খাতুন জানান, দোকানে আসার পর তাদের হাতে ২০০ টাকার বিনিময়ে একটি করে গ্রামীণফোনের সিম ধরিয়ে দেওয়া হয় এবং জানানো হয় যে এই সিম না নিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না। এভাবে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি প্রকাশ পেলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন।

ঘটনাটি নিয়ে অভিযুক্ত রুবেল মিয়া মাইকিং করার বিষয়টি স্বীকার করলেও ফ্যামিলি কার্ডের কথা বলেননি বলে দাবি করেছেন। তার মতে, মসজিদের ইমাম প্রচারের সময় ভুল করেছেন। তবে স্থানীয় মসজিদের ইমাম আব্দুল মান্নান এই দাবি নাকচ করে জানান, স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতেই রুবেল মিয়া তাকে ফ্যামিলি কার্ডের কথা ঘোষণা দিতে বলেছিলেন।

খবর পেয়ে নান্দাইল মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আচারগাঁও গ্রামের সিম বিক্রেতা আমিনুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত রুবেল মিয়া আগেই সটকে পড়েন।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, বিষয়টি ভুল-বোঝাবুঝির কারণে ঘটেছে বলে জানা গেছে এবং এ ঘটনায় কারও সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪