বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে রেলওয়ের গাছ চুরি করে কাটতে গিয়ে সেই গাছের নিচে চাপা পড়ে মাসুদ শেখ (৪০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাসুদ শেখ উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ঘোড়াখালী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরদিন সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠায়।
নিহতের স্ত্রী সাবিনা বেগম জানান, “গত রাতে আমার স্বামী বাড়ি থেকে বের হয়। কোথায় গিয়েছিল জানি না। সকালে স্থানীয়রা খবর দেয় গাছের নিচে চাপা পড়ে সে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে পাই।”
প্রত্যক্ষদর্শীরা বলেন, দীর্ঘদিন ধরে ঘোড়াখালী রেলগেট এলাকায় রেলওয়ের গাছ রাতের আঁধারে চোরচক্র কেটে নিয়ে যাচ্ছে। এর পেছনে একটি প্রভাবশালী চক্র রয়েছে, যারা শ্রমিকদের ব্যবহার করে এ কাজ চালাচ্ছে।
ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব বলেন, “গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। শ্রমিকরা পেটের দায়ে কাজ করে, কিন্তু কারা তাদের দিয়ে এসব করাচ্ছে তা খুঁজে বের করা জরুরি। একজন শ্রমিক মারা না গেলে হয়তো ঘটনাটি প্রকাশও হতো না।”
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।”
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা