বেনাপোল প্রতিনিধি: পাসপোর্ট-ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে পাঁচ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কায়বা সীমান্তের ১৭/৭ এস এর ২২ আর পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।
আটকরা হলেন—সাতক্ষীরা জেলার তালা থানার জেয়ালা নলতা গ্রামের মৃত ঝড়ু বিশ্বাসের ছেলে মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার আলতি বুরুজবাড়িয়া গ্রামের এনামুল শেখের ছেলে আকাশ হোসেন (২৩), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মত্তগ্রামের জালাল মোল্লার মেয়ে সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকার মিরপুরের পশ্চিম সেনপাড়ার হুমায়ুন তালুকদারের মেয়ে রোজিনা খানম (২৮) এবং যশোরের শার্শা উপজেলার ভবারবেড় গ্রামের তোতা মিয়ার মেয়ে সুফিয়া বেগম রিনা (৪৬)।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে প্রবেশ করতে পারে এমন গোপন সংবাদে বিজিবির টহল দল অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার থেকে প্রায় ৫০ গজ ভেতরে তাদের আটক করা হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা নিশ্চিত করেছেন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা